খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। গত কয়েক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় তিন থেকে চারটি বানর ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এতে বড়দের মধ্যে কিছুটা আতংক দেখা গেলেও শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতূহল ও আনন্দের।
স্থানীয় বাসিন্দারা জানান, বানরগুলো দিনের বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায়, পরে লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে। আশপাশের গাছের ফলও খেতে দেখা গেছে তাদের।
আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব ও দেবগ্রাম গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, “হঠাৎ করেই কয়েকটি বানর এলাকায় দেখা দিয়েছে। কিছু সময় গাছ আর বাড়ির ছাদে ছুটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা বেশ উপভোগ করছে।”
পাশের নয়াদিল গ্রামের বাসিন্দা হালিম মিয়া বলেন, কয়েক দিন আগে তাঁদের গ্রামেও একইভাবে কয়েকটি বানর দেখা গিয়েছিল। শিশুদের ধাওয়ার পর সেগুলো আর এলাকায় দেখা যায়নি।
বাউতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ধারণা, টানা বর্ষণের কারণে ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এপারে চলে এসেছে। পরে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন কর্মকর্তাকে জানানো হবে।
পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা
সা/


