প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড-এ অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। তার হাত ধরেই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আসরে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করবে পাকিস্তান।
মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই আসরে অংশ নেবেন আনিকা মেরাজ। পাকিস্তানের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে দেশটি কখনো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়নি।
শিক্ষাগত দিক থেকেও বেশ সমৃদ্ধ আনিকা মেরাজ। তিনি ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। পাশাপাশি হিসাববিজ্ঞান ও নিরীক্ষা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) করছেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষা ও পেশাগত উন্নয়নেও তিনি সমান গুরুত্ব দিয়ে আসছেন।
মিস ওয়ার্ল্ড পাকিস্তান নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে আনিকা বলেন, পাকিস্তানের প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তানকে গর্বিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
আনিকা তার সাফল্যের পেছনে অবদান রাখা জাতীয় পরিচালক সোনিয়া আহমেদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার ওপর আস্থা রেখে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। এছাড়া পুরো যাত্রায় পাশে থাকা ফটোগ্রাফার, মেকআপ শিল্পী, ভিডিও নির্মাতা এবং অন্যান্য টিম সদস্যদেরও আন্তরিক ধন্যবাদ জানান।
লাহোরের ঐতিহ্যবাহী ফ্যালেট্টিস হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর। তাদের হাত থেকেই আনুষ্ঠানিকভাবে মুকুট গ্রহণ করেন নতুন মিস ওয়ার্ল্ড পাকিস্তান।
অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন আনিকা। তিনি জানান, রাষ্ট্র স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করতে চান। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত হতে আগ্রহী বলে জানান।
আয়োজকদের দাবি, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার জগতে আনিকা মেরাজ নতুন নন। এর আগে তিনি ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি শিরোপা অর্জন করেছেন। ফলে বৈশ্বিক মঞ্চে প্রতিযোগিতা করার অভিজ্ঞতা তার রয়েছে, যা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে এরিকা রবিন ও রোমা রিয়াজ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করলেও মিস ওয়ার্ল্ডের ইতিহাসে এবারই প্রথম কোনো পাকিস্তানি প্রতিযোগী অংশ নিতে যাচ্ছেন। তাই আসন্ন প্রতিযোগিতাকে ঘিরে পাকিস্তানে যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, ইতিহাস গড়ে প্রথম অংশগ্রহণেই মিস ওয়ার্ল্ডের মঞ্চে কতটা সফল হতে পারেন আনিকা মেরাজ।
পড়ুন:মারা গেলেন বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ
ইমি/


