বিজ্ঞাপন

পর্তুগালে ‘বাংলা লাইভ’-এ জেমসের গান, প্রথমবার মঞ্চ মাতাতে যাচ্ছেন জায়েদ খান

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় রক তারকা ও নগর বাউলখ্যাত ব্যান্ডশিল্পী মাহফুজ এনাম জেমস। একই মঞ্চে বিশেষ পারফরম্যান্স নিয়ে উপস্থিত থাকবেন চিত্রনায়ক জায়েদ খান

বিজ্ঞাপন

এই আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো পর্তুগাল সফরে যাচ্ছেন জায়েদ খান। শুধু তাই নয়, এটিই হবে দেশটিতে তার প্রথম মঞ্চ পরিবেশনা। নতুন একটি দেশে প্রবাসী বাংলাদেশিদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।

সমকালকে পাঠানো এক খুদে বার্তায় জায়েদ খান বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উত্তেজিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া ইউরো ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন দেশের সংগীতপ্রেমীরাও এই আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

‘বাংলা লাইভ’ কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের লক্ষ্য, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলার পরিবেশ তৈরি করা, যেখানে দেশের সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যাবে।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মাহফুজ এনাম জেমসের পরিবেশনা। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীর লাইভ পারফরম্যান্স বরাবরই দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করে। আয়োজকদের বিশ্বাস, ‘দোষী’, ‘মা’, ‘বাংলাদেশ’, ‘লেইস ফিতা লেইস’সহ তার জনপ্রিয় গানগুলো প্রবাসী দর্শকদের আবেগে ভাসাবে এবং দেশে ফেরার অনুভূতি এনে দেবে।

অন্যদিকে, জায়েদ খানের উপস্থিতিও অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা। চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হিসেবে তিনি দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। তার প্রথম পর্তুগাল সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

ইতোমধ্যে লিসবন ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটির টিকিট ও অংশগ্রহণ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘বাংলা লাইভ’ নিয়ে চলছে প্রচারণা। অনেকেই এটিকে প্রবাসে বাংলা সংস্কৃতি উদযাপনের অন্যতম বড় আয়োজন হিসেবে উল্লেখ করছেন।

আয়োজকদের দাবি, এটি পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে। তারা আশা করছেন, জেমসের গানের পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। একই সঙ্গে এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও সংগীতকে আরও জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন:মারা গেলেন বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন