আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল এবং অপর এক অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার (২০ জুলাই) এক গুরুত্বপূর্ণ এই নির্দেশ দেন আদালত। এক মেডিকেল শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন এনডিটিভির।
এর আগে, গত জুন মাসে হুগলির মগরা থানায় ওই তরুণী ও তার মা অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত তিন বছর ধরে অভিষেক পোড়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে গত বছর থেকে পোড়েল ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন।
অভিযোগকারীর দাবি, অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এছাড়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর মগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। অন্যদিকে, বর্তমানে বেঙ্গালুরুতে থাকা অভিষেক পোড়েল সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এখনও পর্যন্ত পুলিশ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পোড়েল বলেন, ‘আমি এখন ভালো খেলছি, তাই নানা ধরনের বিষয় সামনে আসছে। পুলিশ তদন্ত শেষ করার পরই এ বিষয়ে বিস্তারিত বলব। এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’
২৩ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। গত মৌসুমে চার ইনিংসে তিনি ১০৮ রান করেন। এছাড়া ২০২১-২২ মৌসুমে বেঙ্গলের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত তিনি ৩২টি প্রথম-শ্রেণির এবং ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন। অভিযোগের তদন্ত চলছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে দোষী বলা যায় না।
পড়ুন : প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক আজ
সা/


