ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর অন্যতম শিক্ষার্থী সংগঠন নিটার সাইন্স সোসাইটি (এনএসএস)-এর উদ্যোগে ১৬তম ব্যাচের নবীন সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিজ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও নিটার সাইন্স সোসাইটির মডারেটর বিল্লাল হোসেন। তিনি নতুন সদস্যদের বিজ্ঞানচর্চা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্যপুস্তকের পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নিটার সাইন্স সোসাইটির সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম মারুফ সংগঠনের কার্যক্রম ও সদস্যদের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করেন।
পরে নিটার সাইন্স সোসাইটির অ্যাসিস্ট্যান্ট মডারেটর শাকিলা শফিক এবং সহ-সভাপতি লাবিবা সালওয়া ইসলাম সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, বিভিন্ন উইং, রোবোটিক্স, গবেষণা কার্যক্রম, চলমান প্রকল্প এবং সদস্যদের জাতীয় ও আন্তর্জাতিক অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। তারা নতুন সদস্যদের সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরবীন-এর প্রকল্প ব্যবস্থাপক ফারজানা আক্তার লিমা। ‘কৌতূহল থেকে জ্যোতির্বিজ্ঞান শেখার যাত্রা’ শীর্ষক সেশনে তিনি বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা, অনুসন্ধিৎসু মনোভাব এবং নিয়মিত শেখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রুবিকস কিউব সলভিং প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। রুবিকস কিউব সলভিং প্রতিযোগিতায় ১৬তম ব্যাচের জারিফ আহম্মেদ প্রথম স্থান অর্জন করেন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন অর্পণ চৌধুরী ও বাঁধন সেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নতুন প্যানেল প্রকাশ করা হয়। নবীন সদস্যদের স্বাগত জানানো এবং অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পড়ুন : ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু
সা/


