বিজ্ঞাপন

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী তরুণীর মামা বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেছেন। ইতোমধ্যে এ মামলায় গ্রেপ্তার আমিনুর রহমান নামে এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশও দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন- সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এরমধ্যে আসামি আমিনুর রহমান মামলার বাদীর চাচাতো ভাই বলে জানা গেছে।

মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের ‘রোজ গার্ডেন টাওয়ারের’ বাসায় থাকতেন। তিনি এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার সঙ্গে ওবায়দুর রহমানের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর রহমান তার পরিবারকে সেটি জানান এবং নজরুল ইসলামকে এই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে এমপি নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র এমপি নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে নজরুল ইসলামকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুর রহমানই গোপন ভিডিও ধারণ করে গণমাধ্যম ও ওই চক্রের হাতে সেগুলো তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই এমপি নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়।

ওবায়দুর রহমান জানান, ওইদিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওই সময় ওবায়দুর রহমানের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ওবায়দুর রহমান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, হামলার পর থেকে আসামিরা তাকে যেখানে পাবে, সেখানেই হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এর ফলে বর্তমানে তিনি নিরাপত্তার অভাবে আত্মগোপনে রয়েছেন। এই অবস্থায় আদালত মামলাটির তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : এমপি গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি আনোয়ারুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন