দিল্লিতে চলমান সিজেপি সমর্থিত শিক্ষার্থী আন্দোলন নিয়ে দীর্ঘদিন নীরব থাকার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিটিআই)-এর চেয়ারম্যান আর. মাধবন। এফটিআইআইকে নিয়ে ট্রলের একদিন পর অবশেষে তিনি মুখ খুলে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিলেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বিবৃতিতে মাধবন লেখেন, ভারতের তরুণদের অসীম সম্ভাবনায় আমি সবসময় বিশ্বাস করি। তাই আজ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকের উদ্বেগ এবং হতাশা আমি অনুভব করতে পারছি। একটি শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে আস্থা, ন্যায্যতা ও সমান সুযোগ তৈরি করবে এটাই স্বাভাবিক। প্রশ্নফাঁসের মতো ঘটনা সেই বিশ্বাসকে ভেঙে দেয় এবং লাখো শিক্ষার্থীর স্বপ্ন শেষ করে দেয়। তিনি আরও বলেন, যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের দ্রুত ও কঠোর শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাই। শাস্তি এমন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে সাহস না পায়।
তবে একই সঙ্গে সরকারের ওপর আস্থাও প্রকাশ করেন মাধবন। তার ভাষায়, অতীতে যে ত্রুটি ছিল, তা স্বীকার করে সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর স্বচ্ছতা নিশ্চিত করবে বলে তিনি বিশ্বাস করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের মেধা, অধ্যবসায় ও চরিত্র যেকোনো ব্যবস্থাগত দুর্বলতার চেয়ে অনেক বড়। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং সাময়িক বাধাকে ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না।
তবে আন্দোলন নিয়ে একটি সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, যারা শান্তিপূর্ণভাবে সংস্কারের দাবি জানাচ্ছেন, তাদের দৃঢ়তা আমি শ্রদ্ধা করি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী আন্দোলনকে নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে এবং এর মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে। এর আগে মাধবনের নীরবতার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এফটিআইআই কার্যালয়ের দরজায় লাগানো ‘গায়েব’ লেখা একটি পোস্টারের ছবি ভাইরাল হয়। সেখানে ‘নিট ফর সেল’ লেখা পোস্টারও দেখা যায়, যা প্রশ্নফাঁস ইস্যুতে তার নীরবতার কটাক্ষ হিসেবেই দেখা হয়।
প্রসঙ্গত, ভারতে নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। আন্দোলনের অংশ হিসেবে দিল্লির জন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে মিছিল বের হলে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বলিউডের অনেক জনপ্রিয় তারকারাই শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছেন।
পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
সা/


