“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের হরিনাহাটা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের আয়োজিত ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট।
সিরাজগঞ্জে হরিনাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ টুর্নামেন্ট ঘিরে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন রঞ্জু আহমেদ কেডি এবং সার্বিক পরিচালনায় ছিলেন শাহিন শেখ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরস্থ মেসার্স অরাকা ফিডের স্বত্বাধিকারী মো. রাসেল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমাজ উদ্দিন তালুকদার শুভ এবং বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খামার মালিক একাদশ ও চাকরিজীবী একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে খামার মালিক একাদশ। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের ২২তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার এবং রানারআপ চাকরিজীবী একাদশের হাতে রানারআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরাও ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পড়ুন : সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
সা/


