এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। ফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় সেই অপেক্ষা আরও বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের অপেক্ষা আর বেশি দীর্ঘ হবে না। চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার চেষ্টা চলছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার ফল প্রকাশের তারিখ নির্ধারণ হতে পারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, তবে তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ডগুলো ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই তা প্রকাশ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এ কারণে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা ওই আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।
এর আগে ২১ এপ্রিল শুরু হয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ
আর/


