টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর মো. ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার(২৬ জুলাই) বিকেলে উপজেলার হাটুভাঙ্গা গ্রামসংলগ্ন বংশাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকার বাসিন্দা। সে ওই এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার(২৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে প্রায় ৭০-৮০ জনের একটি দল নৌকা ভ্রমণে মির্জাপুরের বংশাই নদীতে আসে। পরে তারা হাটুভাঙ্গা গ্রামসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ইসমাইল পানিতে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের পর স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। পরে প্রায় ২৫ ঘণ্টা পর শনিবার বিকেলে নদী থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বংশাই নদীতে প্রতিবছরই গোসল ও নৌকা ভ্রমণে এসে এমন দুর্ঘটনা ঘটছে। নদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে। নৌকা ভ্রমণে আসা পর্যটক ও দর্শনার্থীদের নদীতে নামার ক্ষেত্রে সতর্কতা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা
ইমি/


