মেহেরপুরের গাংনী উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোকেয়া বেগম তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, রোকেয়া বেগম তার বাড়িতে মাদকদ্রব্য মজুত রেখেছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির খড়ের গাদার নিচ থেকে আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক রোকেয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

