যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী ‘ফ্রোজেন ফুড’ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নেন। আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার (যুগ্মসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার উপপরিচালক এ কে এম শাহরিয়া রেজা।
এ সময় জুম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মো. শাহীন প্রধানও উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার মতিঝিল ইউনিট থানার থানা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন: এসএসসির ফল প্রকাশ আগামী ১০ আগস্ট
আর/


