রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল প্রমুখ।
সরকারি নিবন্ধন নম্বর: এস-১৪৮৮৭-এর আওতাভুক্ত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ প্রায় তিন দশকের পথচলায় সংগঠনটি নানা চড়াই-উতরাই, প্রতিকূলতা ও সময়ের পরিবর্তন অতিক্রম করে আজ এলাকাবাসীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এলাকার নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে সংগঠনটি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নেতৃত্বে এলাকায় একাধিক জনসম্পৃক্ত ও দৃষ্টান্তমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আন্দোলন ও তদারকি, পানি নিষ্কাশনের আউটগোয়িং ড্রেন ও খাল পরিষ্কারের দাবিতে ধারাবাহিক উদ্যোগ, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে জনমত গঠন, অবৈধ স্থাপনা অপসারণ, ম্যানহোল পরিষ্কার, সড়কবাতি স্থাপন ও সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশকনিধন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সংগঠনটির ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমেও সংগঠনটি সমাজকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালীভাবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর কমিটি। সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
স্থানীয় বাসিন্দারা মনে করেন, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি আজ শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং নাগরিক অধিকার, সামাজিক ঐক্য এবং উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। অতীতের প্রতিটি জনকল্যাণমূলক আন্দোলন ও নাগরিক দাবিতে সংগঠনটির সক্রিয় উপস্থিতি এলাকাবাসীর মধ্যে নতুন আস্থা সৃষ্টি করেছে।
তিন দশকের গৌরবময় পথচলায় নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি প্রমাণ করেছে যে, ঐক্যবদ্ধ উদ্যোগই একটি এলাকার ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।
নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি সমাজকল্যাণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিকুঞ্জ টানপাড়াকে একটি আদর্শ, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকায় পরিণত করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে নবগঠিত কমিটির প্রতি রইল আন্তরিক শুভকামনা ও নিরন্তর সফলতা কামনা।
পড়ুন:দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ইমি/


