সিরাজগঞ্জে পুকুরে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়িতে ফিরে আসেনি। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন:রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ট্রাফিক ক্যামেরা
ইমি/


