চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জেরে বড়ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোটভাই।উক্ত ঘটনায় নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এঘটনা ঘটেছে।
নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।সে স্থানীয় লালার হাট এলাকায় মুদির দোকানদার।
স্থানীয়রা জানান, বিকেলে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মো. নেজামের সাথে তর্কবিতর্ক লাগে তার ছোট ভাই মো.সুমনের সাথে।একপর্যায়ে সুমন কোদাল দিয়ে নেজামকে মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু ঘটে।এরপর সুমন পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক সুমনের স্ত্রী সানজিদা বেগম (২২ ) এবং নেজামের মা হালিমা বেগম (৭০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন,বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম নামের এক ব্যক্তিকে আহতবস্থায় নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছিলো। তার মাথার পেছনে গভীর ক্ষত লক্ষ্য করা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে। উপজেলা হাসপাতাল থেকে নেজামের মরদেহ উদ্ধার করা হয়েছে।এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে, ঘাতককে ধরতে অভিযান চলছে।
পড়ুন:এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত
ইমি/


