বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে আল আমিন রনি গুলিবিদ্ধ হন। পরে রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং গত ৪ নভেম্বর তার স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার কন্যা সন্তানের জন্ম দেন।
ফুটফুটে মেয়েটির নাম রাখা হয়েছে রোজা। যেই নাম তার বাবা রেখে গিয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) রোজাকে দেখতে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মীর স্নিগ্ধ রোজাকে কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শহীদ রনি ভাইয়ের মেয়ে রোজা। বাচ্চাটি যখন মায়ের পেটে ৬ মাস বয়স তখন শহীদ হয় তার বাবা। রোজা নামটিও তার বাবার রেখে যাওয়া নাম। রোজার বয়স এখন মাত্র ১৯ দিন।’
তিনি আরও লেখেন, ‘রোজাকে যখন আজকে কোলে নিলাম অজানা এক ভার অনুভব করলাম। এই ভার ওর ওজনের ভার না। এখনো বুঝার চেষ্টা করছি কি ভার ওটা।’

প্রসঙ্গত, আল আমিন রনি দিনে মহাখালীর একটি ওয়ার্কশপে কাজ কাজ করতেন। বাড়তি আয়ের জন্য তিনি রাতে একটি অনলাইনভিত্তিক খাবার পরিষেবায় কাজ করতেন। তার মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
এনএ/


