পিরোজপুর সদর থানার ঠিক সামনেই একটি গ্যাসের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) ভোরে শহরের সদর থানার বিপরীত পাশে অবস্থিত সিনান ট্রেডার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায়।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ছাতা মাথায় দিয়ে দুই ব্যক্তি দোকানের সামনে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর তারা ছাতা দিয়ে দোকানের শাটার আড়াল করে শাটারের দুটি হুক ভেঙে ভেতরে প্রবেশ করে। কয়েক মিনিটের মধ্যেই তারা দোকান থেকে বেরিয়ে যায়। দোকানে প্রবেশের পর ভেতরের সিসিটিভি ক্যামেরাটিও ভেঙে ফেলে তারা।
দোকানের মালিক মেহেদী হাসান জানান, সকাল ৮টার দিকে কর্মচারীরা দোকান খুলতে এসে শাটারের হুক ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের ড্রয়ার ভাঙা অবস্থায় দেখতে পান। তার দাবি, ক্যাশবাক্স থেকে আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্র।
থানার সামনেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
পড়ুন : রয়টার্সের প্রতিবেদন: চীন থেকে শত শত ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
সা/


