সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় সাত মাস ধরে একই কমিটি দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক বছরের জন্য অনুমোদিত কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় দীর্ঘদিন ধরে নেতৃত্বে বহাল রয়েছেন জিসান ও সাবরিনা। এতে নতুন ও যোগ্য নেতৃত্বের সামনে দায়িত্ব নেওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে ।
জানা গেছে, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জিসান ও সাবরিনার নেতৃত্বে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটির মেয়াদ ধরা হয় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী এক বছর। সে হিসেবে কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ জানুয়ারি শেষ হওয়ার কথা। কিন্তু জুলাই মাসের শেষ দিকে এসেও নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় সাড়ে সাত মাস ধরে একই নেতৃত্বে ক্লাবটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন না হওয়ায় ক্লাবের নেতৃত্বে আসতে আগ্রহী অনেক যোগ্য ও সক্রিয় সদস্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে একই কমিটি বহাল থাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ডিবেটিং ক্লাবের মডারেটর ফখরুল ইসলাম বলেন, ‘আমরা ভারপ্রাপ্ত হিসেবে কমিটি চালাচ্ছি। নতুন সদস্য সংগ্রহ ও নবীন বরণের জন্য তারা কাজ করেছে। আমরা খুব শিগগিরই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করব।’
কিছু মাস আগে একটি কমিটি গঠন করা হলেও সেটি কেন প্রকাশ করা হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটি অভ্যন্তরীণ মনোমালিন্য ছিল। ক্লাবে কমবেশি এমন বিষয় হয়ে থাকে। আমরা খুব শিগগিরই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করব।’
এদিকে ডিবেটিং ক্লাবের আরেক মডারেটর আসমা আক্তার বেলী বলেন, ‘খুব শিগগিরই নতুন কমিটির ব্যবস্থা করা হবে। দীর্ঘদিন ছুটি থাকায় ঠিকভাবে কমিটি গুছানো যায়নি। তবে তাড়াতাড়ি আমরা নতুন কমিটি দিয়ে দেব।’
সংশ্লিষ্টরা বলছেন, একটি সাংগঠনিক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে সংগঠনে নেতৃত্বের বিকাশ ঘটে এবং নতুন সদস্যদের কাজের সুযোগ তৈরি হয়। তাই দ্রুত নির্বাচন বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।
পড়ুন: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
আর/


