শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রতিনিয়ত জীবনসংগ্রাম চালিয়ে যাওয়া মারিয়ার মুখে হাসি ফুটিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এসে নিজের অসহায় অবস্থার কথা জানালে তার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। পরে তিনি মারিয়াকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়বদ্ধতাও। মারিয়ার মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যেন কখনো নিজেকে একা মনে না করে, সে জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অপ্রত্যাশিত এই সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মারিয়া ও তার পরিবার। মারিয়ার মা মিমি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক জায়গায় গিয়েছি, অনেকের কাছে সাহায্য চেয়েছি। কিন্তু আজ জেলা প্রশাসক ম্যাডাম যেভাবে আমাদের কথা শুনেছেন, সান্ত্বনা দিয়েছেন এবং নিজের হাতে সহযোগিতা করেছেন, তা কোনোদিন ভুলতে পারব না। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং মানুষের জন্য আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। আমার মেয়ের জন্য তিনি যে মমতা দেখিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় সাহস।”
জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের প্রতি এমন আন্তরিকতা ও সহমর্মিতা জনপ্রশাসনের মানবিক মুখকে আরও উজ্জ্বল করে তুলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

