বিশ্বকাপের ব্যস্ততা শেষে কয়েক দিনের জন্য নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন লিওনেল মেসি। সেই বিরতি শেষ করে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে এখন তার লক্ষ্য ক্লাব ফুটবলে নতুন করে ছন্দে ফেরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে তাকে।
বুধবার (২৯ জুলাই) অনুশীলনে যোগ দেন মেসি। বিশ্বকাপ শেষে মানসিক ও শারীরিকভাবে সতেজ হওয়ার জন্য কয়েক দিন পরিবারের সঙ্গে রোজারিওতে কাটিয়েছিলেন তিনি। বিরতি শেষে দলের সঙ্গে যোগ দেয়ায় স্বস্তি ফিরেছে ইন্টার মায়ামি শিবিরেও।
মেসির ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলন মাঠে খেলোয়াড়দের প্রবেশের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘আজ আগমনগুলো যেন একটু ভিন্ন অনুভূতি নিয়ে এলো।’
প্রকাশিত ছবিতে মেসিকে দেখা যায় চিরচেনা স্বাভাবিক ভঙ্গিতে। এক হাতে তার প্রিয় মাতে পানীয়, অন্য হাতে সোনালি রঙের একটি থার্মোস। কাঁধে ছিল বুটের ব্যাগ। পরে ক্লাবটি একটি ভিডিওও প্রকাশ করে, যেখানে সতীর্থদের নেতৃত্ব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় মেসিকে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন মৌসুমের লড়াইয়ে ইতিমধ্যে নেমে পড়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম দুই ম্যাচে শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে দলটি। আগামী শনিবার লিগের শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু। তবে ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে মেসিকে ঝুঁকি নিয়ে খেলানো হবে না। তিনি গ্যালারি থেকেই সতীর্থদের খেলা দেখতে পারেন।
তবে মাঠে ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার, ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আবার ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অরজয়ীকে। প্রতিযোগিতাটি মেসির জন্য বিশেষও বটে। উত্তর আমেরিকায় পাড়ি জমানোর পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন এই লিগস কাপেই।
এদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এমএলএস অল-স্টার ম্যাচেও খেলার জন্য মনোনীত হয়েছিলেন মেসি। এমএলএসের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির প্রতিপক্ষ মেক্সিকান লিগের অল-স্টার দল। তবে বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলার কারণে তাকে এই ম্যাচ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে খেলতে হচ্ছে না আর্জেন্টাইন তারকাকে।
মেসির মতো তার নতুন সতীর্থ রদ্রিগো ডি পলও বিশ্বকাপ শেষে কয়েক দিনের বিশ্রাম নেয়ার বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। তাই অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না। গত বছরের মতো পরিস্থিতিরও পুনরাবৃত্তি হচ্ছে না। সে সময় অল-স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি। এবার অবশ্য বিশ্বকাপ-পরবর্তী ব্যস্ত সূচি বিবেচনায় নিয়ে আগেভাগেই বিষয়টি মিটিয়ে নেয়া হয়েছে।
পড়ুন : ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা-স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা
সা/


