বিজ্ঞাপন

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দোকান ও যানবাহনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহত পথচারী কহিনুর আক্তার বলেন, “আমি দোকানে বসে চা-নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতরে চলে আসে। আমি মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়েছি।”

আরেক আহত পোশাক শ্রমিক দিদারুল আলম (৩৫) বলেন, “কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আনোয়ারা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, “এ পর্যন্ত ১০ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, “দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন:চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষককে শোকজ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন