চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খসড়া মাস্টার প্ল্যান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে কয়েকজন সাংবাদিকের মধ্যে কথিত ‘হলুদ খাম’ বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠান ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ নিয়ে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ এর নিজস্ব প্রতিবেদক এম এ হোসাইন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে আক্ষেপ প্রকাশ করে “হলুদ খামে ভাগ হবে না তো চট্টগ্রামের ভবিষ্যৎ” শিরোনামে একটি স্ট্যাটাস দেন।
শনিবার চট্টগ্রামে সিডিএ আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন খসড়া মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানান।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের একাংশের অভিযোগ, কিছু নির্বাচিত সাংবাদিকের হাতে খাবারের প্যাকেটের পাশাপাশি একটি করে হলুদ খাম তুলে দেওয়া হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত সবাই সেই খাম পাননি। কয়েকজন সাংবাদিকের দাবি, খামের ভেতরে নগদ অর্থ ছিল।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বাছাই করে খাম বিতরণের প্রয়োজনীয়তা কী ছিল?
জানতে চাওয়া হলে সিডিএর জনসংযোগ কর্মকর্তা হাসনাত জানান, এ বিষয়ে তিনি অবগত নন।
পড়ুন:প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল ইস্যুতে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
ইমি/


