বিয়ের পর কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি বছরেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
এরই মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ককটেল ২’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও সব মিলিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছিলেন এই অভিনেত্রী। তবে এর মাঝেই শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা।
জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’—দুই সিনেমার শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
চোটের কারণে আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুই সিনেমাতেই রয়েছে একাধিক লড়াই ও নাচের দৃশ্য। এমনই একটি দৃশ্যে অভিনয় করার সময় চোট পান রাশমিকা। আঘাত এতটাই গুরুতর যে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়। নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের কারণে তাদের এমন আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। ফলে একজন অভিনেত্রীর ক্ষেত্রে এ ধরনের গুরুতর চোট দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেন রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর বিজয়ের সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মতো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের নজর কেড়েছে।
উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। সাবেকি সাজে বিয়ের আসরে হাজির হয়েছিলেন তারা। পরে হায়দরাবাদে ফিরে আয়োজন করা হয় প্রীতিভোজের। সেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকার উপস্থিতিতে বসেছিল তারকাদের মিলনমেলা।
প্রসঙ্গত, এর আগেও শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন রাশমিকা। ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের সময় তাঁর পায়ে আঘাত লাগে। ওই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
পড়ুন : গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতে বাংলাদেশে মধুমিতা সরকার


