চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে এবং ভুয়া তথ্য ব্যবহার করে লাইসেন্স ছাড়াই টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৩ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জীবননগর উপজেলার পিয়ারাতলা এলাকায় ‘হেনা কনজুমার প্রোডাক্টস’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কোনো লাইসেন্স না নিয়েই দীর্ঘদিন ধরে মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট এবং টায়ার জেলসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করে আসছিল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অপরাধের সত্যতা পাওয়ায় কারখানার মালিক মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই সাথে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
উক্ত তদারকি অভিযানে ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং মেহেরপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পড়ুন : পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ


