বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকটের প্রভাব এবার পড়েছে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানের বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপের সরবরাহ কমে যাওয়ায় বাজারে ম্যাকবুক এয়ারের ঘাটতি তৈরি হয়েছে। ফলে নতুন ল্যাপটপ কিনতে গিয়ে গ্রাহকদের আগের তুলনায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, এআই খাতে দ্রুত বিস্তারের কারণে উচ্চক্ষমতার মেমোরি চিপের চাহিদা ব্যাপক বেড়েছে। এর ফলে অ্যাপলের ডিভাইস উৎপাদনে ব্যবহৃত চিপের সরবরাহে চাপ তৈরি হয়েছে। আগে এই সংকটের প্রভাব মূলত ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর মতো সীমিত ব্যবহারকারীর কম্পিউটারে দেখা গেলেও এখন তা জনপ্রিয় ম্যাকবুক এয়ারেও পৌঁছেছে।
খুচরা বিক্রেতাদের তথ্য বলছে, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ম্যাকবুক এয়ারের সরবরাহ অনেক বেশি সীমিত। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এখন অর্ডার করলে বেশিরভাগ ক্রেতাকে আগস্টের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিছু নির্দিষ্ট সংস্করণের ক্ষেত্রে সরবরাহ পেতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
সংকট মোকাবিলায় ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি মেমোরি চিপের দাম বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করতে চীনা নির্মাতাদের কাছ থেকেও চিপ সংগ্রহের চেষ্টা করছে। এতে উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি ভবিষ্যতের সরবরাহ সংকট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতি বছরের মতো জুনে শিক্ষার্থীদের জন্য যে বিশেষ মূল্যছাড় কর্মসূচি চালু হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে দিয়েছে অ্যাপল। একই সঙ্গে বিপণন কৌশলেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো প্রচারণায় ম্যাকবুক প্রোর মূল সংস্করণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রচারসামগ্রীতে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে, “ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত”। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই খাতে চিপের চাহিদা কমে না গেলে এই সংকট আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
পড়ুন:যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ
ইমি/


