কুষ্টিয়ার দৌলতপুরে দাড়িয়াবান্দা (গাদন) খেলায় অতিথি হিসেবে দাওয়াত না পেয়ে সেটি বন্ধ করে দিয়েছেন খলিসাকুন্ডি ইউপির সাবেক সদস্য কোরবান আলী। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের (৪নং ওয়ার্ড) ছিলিমপুর গ্রামবাসী ঐতিহ্যবাহী দাড়িয়াবান্দা (গাদন) খেলার আয়োজন করে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা চলাকালীন বাধা দেন সাবেক ইউপি সদস্য কোরবান আলী। খেলার মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় দর্শকরা। এই খেলার প্রথম পুরস্কার ছিল একটি খাসি ছাগল।
মঙ্গলবার রাত ১০টায় খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সেলিম বিন জামান বলেন, একজনকে (কোরবান আলী) খেলা দেখার দাওয়াত না দেওয়াতেই তিনি এই খেলা বন্ধ করে দেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের ক্ষোভ আর চরম হতাশা নিয়ে ফিরতে হয়েছে।
এব্যাপারে খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কোরবান আলী বলেন, আসরের নামাজের সময় জোরে সাউন্ড বক্স বাঁজাতে নিষেধ করেছি। খেলায় দাওয়াত দেয়ার সাথে এর কোন সম্পর্ক নেই। একই সাথে নিজেকে বিএনপির কর্মি দাবী করেন তিনি।
পড়ুন : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত


