জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত শ্রমিকদল নেতা শহীদ জাহাঙ্গীরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় তিনি শহীদ পরিবারের উদ্দেশ্যে বলেন, বর্তমানে বিএনপি সরকার শহীদ পরিবারকে প্রতি মাসে নগদ ২০ হাজার টাকা দেওয়াসহ আহতদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। এছাড়া জুলাই স্বীকৃতি দেওয়া ও সকল শহীদের খুনিদের বিচার করবে বিএনপি।
মাধবদীতে মহিষাশুড়া ইউনিয়নের আটপাইকা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মাধবদী থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
সভায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নিহত শ্রমিক নেতা শহীদ জাহাঙ্গীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : ‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল
সা/


