ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের সড়কে পড়ে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে দেবিকোঠি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাচ্ছিল।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শর্মা বাস সার্ভিসের বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার পথ যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে নিচের একটি সড়কের ওপর পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ১৮ জন ছিলেন। এ সময় কয়েকজন যাত্রী বাসটির নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের কর্মীরা উদ্ধারকাজে যোগ দেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আটজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পড়ুন:
আর/


