সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করে আজ এ আদেশ দেয়া হয়।
রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ফলে নির্দিষ্ট কোনো মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ তার ক্ষেত্রে বহাল থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এভাবে তাকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে তার ছেলে আইনজীবী আশিক উল হক গত ১৩ মে হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে ১৭ মে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দেয়া হয়।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পাশাপাশি আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিল করা হয়। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সারা হোসেন ও মোস্তাফিজুর রহমান খান। এ ছাড়া আইনজীবী মাহবুব শফিক ও মোনায়েম নবী শাহীনসহ অন্যরা তার পক্ষে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী জানান, খায়রুল হকের অসুস্থতাসহ কিছু পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে মূল রিট মামলাটি দ্রুত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লিভ টু আপিল নিষ্পত্তি হলেও ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানোর বিষয়ে খায়রুল হকের ক্ষেত্রে দেওয়া আদেশ অন্য কোনো মামলায় প্রযোজ্য হবে না। কারণ, একই বিষয়ে অন্য একটি মামলায় এরই মধ্যে আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন।
খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন : সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে


