নদী-নালা আর দুর্গম চরাঞ্চল পেরিয়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়া কুড়িগ্রামে এখনও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি ও বেসরকারি সেবার সুযোগ আরও সহজলভ্য করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সেই লক্ষ্যেই কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি লেভেলে পাবলিক সার্ভিসে অ্যাক্সেস শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ।
সভায় চরাঞ্চলের মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের একটি বড় অংশ নানা কারণে সরকারি-বেসরকারি সেবা থেকে পিছিয়ে থাকে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য ও সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে তাদের নাগরিক সেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এসব বাধা দূর করে সেবাগুলো মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে হবে।
সভায় জানানো হয়, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এসব প্রকল্পের বড় একটি অংশ চরাঞ্চলকেন্দ্রিক। এর মাধ্যমে চরবাসীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
আয়োজকরা জানান, চরাঞ্চলের মানুষের প্রয়োজন ও বাস্তবতাকে সামনে রেখে ভবিষ্যতে নাগরিক সেবা প্রাপ্তির সুযোগ আরও বাড়ানো হবে। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খোদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, সুশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, নাজমুল হোসেন-সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এমন সমন্বিত উদ্যোগের মাধ্যমে একদিন দুর্গম চরাঞ্চলের মানুষও শহর ও মূল ভূখণ্ডের মানুষের মতো সমানভাবে নাগরিক সেবার সুযোগ পাবেন।
পড়ুন : মেট্রোরেলের নিরাপত্তায় নতুন পদক্ষেপ, চার পিয়ারে স্টিল…
সা/


