টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের জায়গা দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ করেছে বন বিভাগ।
আজ বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়বেতীল মৌজার কটামারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কটামারা এলাকায় শামীম নামে এক ব্যক্তি সরকারি বনভূমি দখল করে টিনের ঘর নির্মাণ করেছিলো। খবর পেয়ে বাঁশতৈল রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নির্মাণাধীন টিনের ঘরটি উচ্ছেদ করে বন বিভাগের জমি দখলমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. নাজমুল আলমের নির্দেশনায় এবং বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা অমি আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী রেঞ্জ কর্মকর্তা এস এম আব্দুর রশিদসহ হাঁটুভাঙ্গা, নলুয়া, পাথরঘাটা, বংশীনগর ও বাঁশতৈল সদর বিটের কর্মকর্তা এবং বন বিভাগের গার্ডরা অংশ নেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে টিনের ঘরসহ কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। বনভূমি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

