ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। সম্প্রতি একটার পর একটা ব্যক্তিগত ও পেশাগত কারণে খবরের শিরোনামে এলেও, এবার তার শারীরিক অসুস্থতার খবরে দারুণ চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা।
শ্বেতার অসুস্থতার খবরের পাশাপাশি সম্প্রতি আলোচনায় এসেছে তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর কিছু মন্তব্যও। শ্বেতার বিরুদ্ধে সহ-অভিনেতা সিজান খানের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এসব অভিযোগ নিয়ে শ্বেতা তিওয়ারির পক্ষ থেকে নতুন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাজা চৌধুরী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন। তার দাবি, রাগের সময় তিনি কখনও দরজা, টিভি বা টেবিল ভাঙার মতো ঘটনা ঘটালেও শ্বেতাকে শারীরিকভাবে আঘাত করেননি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এখন শ্বেতার অসুস্থতার খবরে তার পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।
প্রসঙ্গত, টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি ‘কসৌটি জিন্দেগি কে’, ‘পরভরিশ’, ‘মেরে ড্যাড কি দুলহান’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘বিগ বস’, ‘নাচ বালিয়ে’সহ একাধিক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সা/


