বিজ্ঞাপন

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে পড়াশোনার সুযোগ পাওয়া মো. নাজমুল হাসান নামের ওই শিক্ষার্থীর উচ্চশিক্ষা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। সাক্ষাৎ শেষে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে। এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজের মেধা ও পরিশ্রমে তিনি এতদূর এগিয়েছেন।

সম্প্রতি নাজমুল সুইডেনের বিখ্যাত ‘ইউনিভার্সিটি অব স্কোভডে’ থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করেন। তবে টিউশন ফি মওকুফ হলেও বিদেশযাত্রা, প্রাথমিক ভিসা প্রসেসিং ও আবাসনসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করা তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।

আন্তর্জাতিক স্কলারশিপ পেয়েও আর্থিক সংকটে আটকে যেতে বসা নাজমুলের এই অনিশ্চয়তার মুহূর্তে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে শুধুই একটি আর্থিক সহযোগিতা হিসেবে নয়, বরং দেশের তরুণ সমাজের মেধা ও স্বপ্নের প্রতি রাষ্ট্রীয় আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

তৃণমূল থেকে উঠে এসে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছানো বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের নাজমুলের এই পথচলা দেশের হাজারও স্বপ্নবান তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন