ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুন।
প্রশিক্ষণের সার্বিক বিষয়ে বক্তব্য দেন প্রশিক্ষক সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক অজয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, নাগরিক টেলিভিশনের ফেনী প্রতিনিধি নুর হোসেন এবং সোনালী কণ্ঠের পরশুরাম প্রতিনিধি রোসনা আক্তার রুমি।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে আরও সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে পাঠকের কাছে নির্ভুল সংবাদ পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই।
পড়ুন : সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান


