১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দেশব্যাপী কঠোর অবস্থানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ আগস্ট) জুম্মার নামাজের পর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোতালেব হোসেন (হক)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ১৫ আগস্টের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সেই আগাম সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই মোতালেব হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যে কোনো অপতৎপরতা রুখে দিতে উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

