পাম্পে ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে।
আজ শুক্রবার সকালে এই ইউনিট বন্ধ করা হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে । আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা হবে এবং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শুক্রবার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল।
তবে এই কেন্দ্রের ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

