নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক মামুনকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে শরীফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শরীফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন, ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, ইউনিয়ন যুবদল নেতা রিয়াজ উদ্দিন রিমেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে জিয়াউল হক মামুনকে জোবায়ের হোসেন রাকিব হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা মামুনকে নির্দোষ দাবি করে বলেন, এটি একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’। অবিলম্বে মামলাটি সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং মামুনের নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, রাকিব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের চাপে রাখতে আওয়ামী লীগ ও জামায়াত-শিবির ভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা রাজনৈতিক বিবেচনায় নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩১ মে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জোবায়ের হোসেন রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাকিবের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় জিয়াউল হক মামুনকে ৮ নম্বর আসামি করা হয়।
মামুনের পক্ষের নেতাকর্মীদের দাবি, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাদের দাবি, সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের সময় মামুনকে সুবর্ণচরে অবস্থান করতে দেখা গেছে। এ বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
পড়ুন : ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
সা/


