বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে শুধু ‘মাদককে না বলুন’ এমন সহজ শব্দ ব্যবহার করে দায়িত্ব শেষ করতে চাই না। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।
তিনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না।
রোববার দুপুরে নোয়াখালীর সুধারাম থানা প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী র্যালীতে যোগ দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তিনি।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে মো. শাহজাহান বলেন, এবারের ফলাফল আমাদের জন্য খুব একটা সন্তোষজনক নয়। বিশেষ করে ফলাফলে ছেলেরা মেয়েদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, মেয়েদের ভালো ফলাফলের অন্যতম কারণ হলো তারা অযথা দোকানে আড্ডা দেয় না এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয় না। ফলে পড়াশোনায় তারা বেশি মনোযোগ দিতে পারে এবং ফলাফলও ভালো হয়।
এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
মো. শাহজাহান বলেন, সন্ধ্যার পর অনিবার্য কারণ ছাড়া নবম ও দশম শ্রেণির কোনো শিক্ষার্থী বাইরে অবস্থান করলে তাদের আটক করে থানায় নিয়ে আসতে হবে। পরে তাদের অভিভাবকদের ডেকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে নোয়াখালীর পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা


