হবিগঞ্জের চুনারুঘাটে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামি আব্দুল হককে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (১৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হক চুনারুঘাট থানার ডুলনা গ্রামের সামছুল হকের ছেলে।
র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী হবিগঞ্জের চুনারুঘাট থানার উসমানপুর এলাকার বাসিন্দা। মামলার প্রধান আসামি আব্দুল হক ভুক্তভোগীর খালাতো ভাই। তিনি বিভিন্ন সময় ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগী তার বাবাকে জানালে আব্দুল হক ক্ষুব্ধ হয়ে তাকে ক্ষতিসাধনের সুযোগ খুঁজতে থাকেন বলে অভিযোগ করা হয়।
র্যাব জানায়, গত ২৫ মে ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা রমজান আলী ও মিল্লাদ মিয়া তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখায়। পরে তারা ভুক্তভোগীকে রমজান আলীর বসতঘরে নিয়ে যায়। সেখানে তাদের সহযোগিতায় আব্দুল হক ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ইকরতলী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক আসামি আব্দুল হককে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : গ্রিসে যাওয়ার পথে সাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
সা/


