গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গাংনী পৌর বিএনপির সভাপতি ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত মকবুল হোসেন মেঘলা। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও কারাভোগসহ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানান তাঁর সমর্থকেরা।
গাংনী শহরে জন্ম ও বেড়ে ওঠা মকবুল হোসেন মেঘলা স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। বিএনপির রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকার কারণে দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি পরিচিত মুখ।
বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী মকবুল হোসেন মেঘলা আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, গাংনী পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
মকবুল হোসেন মেঘলা আরও বলেন, গাংনীর মানুষ ও এই শহরের প্রতি আমার দীর্ঘদিনের দায়বদ্ধতা রয়েছে। জনগণ আমাকে সুযোগ দিলে তাদের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত গাংনী পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা নিয়ে বিএনপি ও স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান ও ভোটারদের সমর্থনই নির্ধারণ করবে গাংনী পৌরসভার নেতৃত্ব কার হাতে যাচ্ছে।
পড়ুন : গ্রিসে যাওয়ার পথে সাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
সা/


