সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনার উদ্যোগে চলতি অর্থবছরের প্রথম চার মাসে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় মোট ১৬৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় ৮৯টি এবং ওসমানীনগর উপজেলায় ৭৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এসব প্রকল্পের আওতায় দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, জনসাধারণের চলাচলের পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, স্বল্প সময়ে এত বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে দুই উপজেলার গ্রামীণ জনপদে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার দীর্ঘদিনের ছোটখাটো অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
এসব প্রকল্পের ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশও উন্নত হচ্ছে। স্থানীয়দের মতে, এলাকার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে উন্নয়ন কার্যক্রমে গতি এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘদিন ধরে যেসব এলাকায় ছোটখাটো অবকাঠামোগত সমস্যার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হচ্ছে।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রতিটি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে সরকারি বরাদ্দের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা হবে। প্রয়োজনের ভিত্তিতে আগামী দিনগুলোতেও নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে।
উন্নয়নের এই ধারাবাহিকতায় আগামী দিনে বিশ্বনাথ ও ওসমানীনগরের আরও প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর।
পড়ুন : মেহেরপুরে আগুনে পুড়লো ব্যবসা প্রতিষ্ঠানের ৮৫ লাখ টাকার মালামাল


