নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মাননা দেন।
ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার দীর্ঘদিনের রীতির অংশ হিসেবেই জেনারেল শেঠকে এই সম্মান দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল শেঠ।
১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকেই ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে। সফরকালে নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক আবারও সামনে এসেছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে এই প্রতিরক্ষা সম্পর্ক গড়ে উঠেছে।
সফরের অংশ হিসেবে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল ধীরাজ শেঠ। এ সময় নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে দূতাবাস।
পড়ুন: আরও আক্রমণাত্মক হবে ইরান, চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র
আর/


