ক্রিকেট মাঠে ভয়ংকর এক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটারের সজোরে মারা স্ট্রেট ড্রাইভ সরাসরি তার মুখে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটে ঘটনাটি। ইস্ট দিল্লির ১৯২ রানের জবাবে ব্যাট করছিল নিউ দিল্লি।
নিউ দিল্লির ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার বলে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন লক্ষয় থারেজা। বলটি এত দ্রুত ভরদ্বাজের দিকে যায় যে সরে যাওয়ার সুযোগ পাননি তিনি। সেটি তার মুখের ডান পাশে গিয়ে আঘাত করে।
আঘাতের সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান ভরদ্বাজ। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান থারেজাও। দ্রুত আম্পায়ারের কাছে ছুটে যান খেলোয়াড় ও চিকিৎসাকর্মীরা। কিছু সময়ের জন্য বন্ধ থাকে খেলা।
পরে ভরদ্বাজকে হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
চলতি দিল্লি প্রিমিয়ার লিগে ভরদ্বাজের শরীরে বল লাগার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে আরেক ম্যাচে একটি শট তার কাঁধে লেগেছিল। তবে সেই আঘাত গুরুতর ছিল না।
ভরদ্বাজের দুর্ঘটনা ছাপিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ইস্ট দিল্লি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯২ রান তোলে তারা। জবাবে নিউ দিল্লি টাইগার্স ১৯.২ ওভারে ১৫৬ রানে অলআউট হলে ৩৬ রানের জয় পায় ইস্ট দিল্লি।
তবে ম্যাচের ফলের চেয়ে আলোচনায় এখন ভরদ্বাজের শারীরিক অবস্থা। তার চিকিৎসার পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
পড়ুন : আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
সা/


