রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১-এর ২ এর (ঘ) ধারা এবং বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৯ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, রিট আবেদনটির কোনো যৌক্তিকতা না থাকায় হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, এই রিট খারিজ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে আইনি প্রতিবন্ধকতা তৈরির আর কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল আলম। রিটে দাবি করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ২(ঘ) ধারা সংবিধানের ১১ অনুচ্ছেদে থাকা গণতন্ত্র ও মানবাধিকার এবং ২৬ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি অভিন্ন ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
পড়ুন: ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের
আর/


