ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। শনাক্তকরণ প্রক্রিয়া ও আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেই মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন ইতোমধ্যে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।
মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের বিষয়ে শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, সাধারণত এ ধরনের ঘটনায় পরিবারের পক্ষ থেকেই খরচ বহন করা হয়। তবে কোনো পরিবার এ ব্যয় বহনে অক্ষম হলে সরকার মানবিক বিবেচনায় বিষয়টি দেখবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আর/


