নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি। গুঞ্জন রয়েছে, শাওমি মিক্স ফোল্ড ৫ নামের এই ফোনটি আগামী সেপ্টেম্বরের শুরুতে উন্মোচন করা হতে পারে। এরই মধ্যে ফোনটির কথিত নকশার একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে আগের মডেলের তুলনায় আরও প্রশস্ত ভাঁজযোগ্য অভ্যন্তরীণ ডিসপ্লে দেখা গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির কথিত ছবি প্রকাশ করেছেন। ছবিতে ফোনটি পুরোপুরি খোলা অবস্থায় দেখা যায়। ভেতরের পর্দায় প্রায় ৪:৩ অনুপাত থাকতে পারে। ফলে ফোনটি আগের মডেলের তুলনায় বেশি ট্যাবলেটসদৃশ হবে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে ডিসপ্লের চারপাশে গোলাকার কোণ এবং পর্দার এক পাশে সেলফি ক্যামেরার অবস্থান দেখা গেছে। তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা শাওমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
মিক্স ফোল্ড ৫-এ শাওমির নতুন হাইপারওএস ৪ অপারেটিং সিস্টেম থাকার কথা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক এই অপারেটিং সিস্টেমে কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি নকশায় পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু সুবিধা যুক্ত করেছে শাওমি। কোম্পানির দাবি, হাইপারওএস ৪ ব্যবহারে মোট ইনস্ট্রাকশন কাউন্ট ১৪ দশমিক ৪ শতাংশ কমেছে। একই সঙ্গে আট ঘণ্টা ব্যবহারের পর ডিভাইসে ২৭ দশমিক ২ শতাংশ বেশি মেমোরি খালি থাকবে।
নতুন সফটওয়্যারে ‘সফট লাইট গ্লাস’ নকশা, নতুন লকস্ক্রিন ও ডিভাইস সেন্টার, স্তরভিত্তিক নোটিফিকেশন ও উইজেট এবং দ্রুত গ্যালারি থাম্বনেইল স্ক্যানিং সুবিধা থাকছে।
এ ছাড়া শাওমির সুপার শাওএআই ২.০-তে একাধিক অ্যাপ ও ডিভাইসের মধ্যে কাজ করার সুবিধা, ‘ডিপ রিসার্চ’ এবং ওয়েবপেজ তৈরির মতো এআই ফিচার যুক্ত করা হয়েছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মিক্স ফোল্ড ৫ শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ শাওমি ১৮ সিরিজের আগেই বাজারে আসতে পারে। ভারতীয় টিপস্টার কার্তিকেয় সিংয়ের তথ্য অনুযায়ী, ফোনটি সেপ্টেম্বরের শুরুতে উন্মোচন করা হতে পারে। এর আগে ধারণা করা হয়েছিল, শাওমি ১৮ সিরিজের সঙ্গে একই সময়ে ফোনটি বাজারে আসবে।
সেপ্টেম্বরের শুরুতে ফোনটি উন্মোচন হলে অ্যাপলের কথিত প্রথম ফোল্ডেবল আইফোনের সঙ্গেও একই সময়ে বাজারে আসতে পারে মিক্স ফোল্ড ৫। তবে শাওমি এখনো ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এ ছাড়া চীনের বাইরে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে মিক্স ফোল্ড ৫ বিক্রি করা হবে কি না, সে বিষয়েও এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পড়ুন:দেশের বাজারে সোনার দামে বড় লাফ
ইমি/


