জাপানে অনুষ্ঠিতব্য নাগোয়া এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এই দলে রয়েছেন বাংলাদেশ হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমি ও তার ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন।
১৯৮২ সালে এশিয়ান গেমসে ইমতিয়াজ সুলতান জনি ও এহতেশাম সুলতান দুই ভাই ফুটবল ও হকিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আব্দুর রাজ্জাক সোনা মিয়া ছিলেন সাবেক খেলোয়াড় ও কোচ। তার দুই সন্তান অনেক দিন থেকেই হকি খেলছে। তবে দুই ভাই কখনও এক সঙ্গে জাতীয় দলে খেলেননি। আজ চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পর দুই ভাইয়ের-ই আক্ষেপ, ‘এমন মুহূর্তের অপেক্ষা ছিল অনেক দিনের। বাবা যদি বেঁচে থাকতেন!’
রাসেল মাহমুদ জিমি বাংলাদেশ তো বটেই এশিয়ার অন্যতম আলোচিত খেলোয়াড়দের একজন। গত এক বছর তাকে ট্রায়ালেও ডাকেনি ফেডারেশন। ফেডারেশনের কমিটি পরিবর্তন হওয়ার পর আবার জিমি দলে ডাক পেয়েছেন। কয়েক দফা দল সংক্ষিপ্ত হওয়ার পর চূড়ান্ত দলেও নাম রয়েছে। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘আবার নিজেকে প্রমাণ করে দলে আসতে পারলাম। ২০১৪ সালের এশিয়ান গেমসে খেলতে পারিনি, না হলে এটি ষষ্ঠ এশিয়ান গেমস হতো। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব দলকে দেওয়ার।’
এই গেমস বাংলাদেশের হকির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন জিমি। তিনি বলেন, ‘আমরা যদি ছয়ের মধ্যে থাকতে পারি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাওয়া যাবে। অলিম্পিক-বিশ্বকাপ বাছাইসহ অনেক কিছুই নির্ভর করছে এই গেমসের ওপর। এছাড়াও আমরা প্রীতি ম্যাচ কারো সঙ্গে খেলতে চাইলে তারাও এই গেমসের ফলাফল বিবেচনা করেই সম্মত বা প্রত্যাখ্যান করবে। আমাদের দল ভালোই, বিদেশি ক্লাব ও দলের সঙ্গে ম্যাচ খেলতে পারলে আরও ভালো হবে প্রস্তুতি।’
জিমির ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন জিমির সঙ্গে মোহামেডান, নৌবাহিনীসহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন। এবারই প্রথম সুযোগ হয়েছে জাতীয় দলের জার্সিতে ভাইয়ের সঙ্গে খেলার। তাই বেশ উচ্ছ্বসিত রাকিন। তিনি বলেন, ‘ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি। ভাই সবসময় পরামর্শ দেন। দেশের জন্য খেলতে পারা বড় সৌভাগ্যের। ভাইয়ের সঙ্গে এক সঙ্গে খেলব এটা বাড়তি অনুপ্রেরণা।’
১৮ সদস্যের মূল স্কোয়াড:
বিপ্লব কুজুর (গোলকিপার), আশরাফুল হক সাদ (গোলকিপার), মো. আশরাফুল ইসলাম, মো. হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মো. রোমান সরকার, মো. শাহিদুর রহমান সাজু, মো. ওবায়দুল হোসেন জয়, মো. দ্বীন ইসলাম ইমন, মো. খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মো. মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ, মো. রাকিবুল হাসান।
স্ট্যান্ড-বাই খেলোয়াড়:
এম এম মেহরাব হাসান সামিন, মো. আবেদ উদ্দিন, নুরুজ্জামান নয়ন।
পড়ুন : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার


