কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রায় ৩৫ বছরের পুরোনো একটি ওয়াকফকৃত মক্তব দখলের পাঁয়তারা ও নতুন ভবন নির্মাণে বাধার অভিযোগ উঠেছে। সনদে দাগ নম্বর ভুলের অজুহাত দেখিয়ে ওয়াকফকারীর ওয়ারিশগণ এই ধর্মীয় প্রতিষ্ঠানে নির্মাণকাজে বাধা সৃষ্টি করছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে হাজীপুর গ্রামের মৃত আব্দুর রহমান ধর্মীয় শিক্ষার প্রসারে মক্তবের জন্য দুই শতাংশ জায়গা ওয়াকফ করে দেন। নিচু ও অপ্রস্তুত সেই জায়গায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে একটি টিনশেড মক্তব নির্মাণ করেন, যেখানে দীর্ঘ সাড়ে তিন দশক ধরে কোমলমতি শিশুরা নিয়মিত কোরআন ও ধর্মীয় শিক্ষা লাভ করে আসছে।
সম্প্রতি মক্তবটির জরাজীর্ণ অবস্থা দূর করতে স্থানীয়দের উদ্যোগে ইট, বালু, রড ও সিমেন্ট এনে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়। তবে কাজ শুরুর মুখে ওয়াকফকারী মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সুবহান ও তাঁর অন্যান্য ওয়ারিশগণ কাগুজে দলিলের দাগ নম্বরে ভুল রয়েছে দাবি করে মক্তবের জায়গা নিজেদের বলে দাবি করেন। শুধু তাই নয়, তাঁরা মক্তব পুনর্নির্মাণে চরম বিরোধিতা ও কঠিন বাধা সৃষ্টি করছেন।
দীর্ঘ ৩৫ বছর ধরে চলমান একটি মক্তবের জমি নিয়ে এমন পরিস্থিতিতে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মানবিক আকুল আবেদন, জটিল এই আইনি প্রক্রিয়া বা ভুল দ্রুত সংশোধন করে ওয়াকফকৃত সম্পত্তিটি উদ্ধার করা হোক এবং শিশুদের দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও ওয়াকফ প্রশাসন যেন জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
পড়ুন: স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
আর/


