কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ।
শনিবার (২২ আগস্ট) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাহাদৎ হোসেন সাদ্দামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে সহযোগিতা করে কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক।
কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মধ্যে নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, চরাঞ্চলের অনেক মানুষ এখনো নিজের রক্তের গ্রুপ জানেন না। ফলে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা ও রক্তদানের সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রক্তের গ্রুপ পরীক্ষা করাতে আসা স্থানীয় নারী মোছাঃ শারমিন নাহার বলেন, “আজ বিনামূল্যে আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি। এর আগে নিজের রক্তের গ্রুপ জানা ছিল না। প্রত্যন্ত এলাকায় এসে এভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করায় আমরা খুবই উপকৃত হয়েছি। এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে চরাঞ্চলের আরও অনেক মানুষ উপকৃত হবে।
বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাহাদৎ হোসেন সাদ্দাম বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোঃ শাহাদত হোসাইন সাদ্দাম, সভাপতি মোঃ ময়েন উদ্দিন তিস্তি,সাধারণ সম্পাদক বিএম নিরব সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে আগ্রহ তৈরি এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের
সা/


