কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের মতো টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও বিভাগীয় মামলা রুজু করা হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় তিন দিনব্যাপী (২৪-২৬ আগস্ট) ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কার্ড বিতরণের সুস্পষ্ট মানদণ্ড তুলে ধরেন। তিনি বলেন, “কার্ড বিতরণের ক্ষেত্রে তিন কাঠা জমির মালিক বা প্রান্তিক ও অভাবী কৃষকদের আগে অগ্রাধিকার দিতে হবে। কোনো অবস্থাতেই দোতলা ভবনের মালিক বা অকৃষকদের এই সুবিধা দেওয়া যাবে না।”
জনপ্রতিনিধি, ইউএনও এবং কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্বচ্ছ কমিটির মাধ্যমে সম্পূর্ণ কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।
ফ্যামিলি ও কৃষি কার্ডকে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ‘সিগনেচার প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি বাস্তবায়নে সবাইকে সর্বোচ্চ সততা ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের আপামর মানুষের কাছে দায়বদ্ধ।
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”- এই নীতি ধারণ করে হাওর ও পাহাড় বেষ্টিত এ অঞ্চলের কৃষির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ডেপুটি স্পিকার বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের করের টাকায় বেতন দেওয়া হয়। তাই কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। যারা সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন না, তাদেরকে স্বেচ্ছায় চাকরি থেকে বিদায় নেওয়ার পরামর্শ দেন তিনি।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
পড়ুন : দেশে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি
সা/


